৬ ঘণ্টাতেই রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে কলা! দুর্গাপুরে বড়সড় অভিযান প্রশাসনের
বার্তা ডেস্কঃ
পানাগড়ের দার্জিলিং মোড়ে একটি ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রে অভিযান চালিয়ে চোখ ছানাবড়া খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের। বাজারে দ্রুত ফল সরবরাহ করতে অসাধু উপায়ে মাত্র ছ’ঘণ্টায় কাঁচা কলা পেকে হলুদ করে ফেলা হচ্ছে দেখে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
সাধারণত বৈজ্ঞানিক নিয়মে ইথিলিন গ্যাস ব্যবহার করে ফল পাকাতে ২৪ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে। কিন্তু অভিযোগ, অতি মুনাফার লোভে একটি অসাধু চক্র ইথিলিন মিশ্রিত বিশেষ রাসায়নিক ব্যবহার করছে। কাঁচা কলায় এই কেমিক্যাল স্প্রে করে ২০ ডিগ্রি কোল্ড চেম্বারে রাখলেই মাত্র ৬ ঘণ্টা বা তার কম সময়ে তা পেকে হলুদ রূপ নিচ্ছে, যা সাধারণ মানুষের শরীরে বিষের মতো কাজ করতে পারে।
উল্লেখ্য, তিন বছর আগেও এই একই ফল প্রক্রিয়াকরণ কেন্দ্রে অনিয়মের জন্য অভিযান চালিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর তা পুনরায় চালু হয়ে যায়। খাদ্য সুরক্ষা আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, সন্দেহভাজন কলা ও ইথিলিন গ্যাসের কন্টেনার সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রে এই গ্যাসের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।