মোদী সফরের আগেই বড়সড় নিরাপত্তা ফাঁক! পিএমও-র ভুয়ো পরিচয়পত্র ও অস্ত্রসহ আটক ২
বার্তা ডেস্কঃ
মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে এক মারাত্মক নিরাপত্তা-ত্রুটির ঘটনা প্রকাশ্যে এসেছে। বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এ (NMACC) আয়োজিত ‘গ্লোবাল ফিনটেক ফেস্ট’-এর উদ্বোধনে প্রধানমন্ত্রীর পৌঁছানোর আগেই ভুয়ো পরিচয়পত্র ও অস্ত্রসহ দু’জনকে হাতেনাতে ধরেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি রোহন পারেখ নামের এক যুবক নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে অনুষ্ঠানস্থলে ঢোকার চেষ্টা করেন। তাঁর সঙ্গে ছিলেন অস্ত্রধারী এক নিরাপত্তারক্ষীও। কিন্তু প্রবেশদ্বারে নিরাপত্তাকর্মীরা পরিচয়পত্র পরীক্ষা করতেই তাঁদের জাল পিএমও আইডির বিষয়টি ধরা পড়ে যায়।
এমন একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে কীভাবে কঠোর তল্লাশি এড়িয়ে অস্ত্র ও জাল নথি নিয়ে ওই ব্যক্তি ভেতরে ঢোকার সাহস পেলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।