মাঝআকাশে সেই ভয়াবহ হামলা! ১৮০ যাত্রীর প্রাণ বাঁচিয়ে কেমন আছেন বীর পাইলট স্মিত?

বার্তা ডেস্কঃ

মাঝ-আকাশে সহ-পাইলটের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েও অসামান্য সাহসিকতায় ১৮০ জন যাত্রী ও ক্রু সদস্যের জীবন বাঁচিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ৩৪ হাজার ফুট উচ্চতায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত ককপিটের দরজা খুলে দেওয়ায় যাত্রী ও বিমানকর্মীরা হামলাকারী সহ-পাইলটকে কাবু করতে সক্ষম হন। পরবর্তীতে অন্য পাইলটরা বিমানটিকে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান। নিজের জীবন বাজি রেখে পুরো বিমানকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করায় দেশজুড়ে প্রশংসিত হচ্ছেন এই নায়ক পাইলট।

বর্তমানে সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন স্মিত মচ্ছর। সেখানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং সৌদির ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। স্মিতের পরিবারের সদস্যরা ইতোমধ্যেই সৌদিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাইলটের পরিবারের সঙ্গে কথা বলে স্মিতের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও বিদেশ মন্ত্রকও তাঁর এই অনন্য বীরত্বকে কুর্নিশ জানিয়েছে। সৌদির ভারতীয় দূতাবাস অনবরত পাইলটের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *