পুজোর মুখে বড় বিপদ, দক্ষিণবঙ্গে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস!

বার্তা ডেস্কঃ

কলকাতা: উৎসবের দিন ঘনিয়ে আসছে। এর মধ্যেই নিম্নচাপের মেঘ কেটে রোদের দেখা মিলতেই স্বস্তির নিশ্বাস ফেলেছিল বাঙালি। তবে বৃহস্পতিবার দুপুর গড়াতেই পুরোপুরি বদলে গেল আবহাওয়ার ছবিটা। সকালের ঝলমলে আকাশ নিমেষেই কালো মেঘে ঢেকে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত।

৫ জেলায় ঝড়বৃষ্টির অ্যালার্ট আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু’ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

শুধু আজ নয়, আগামী ৭ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ আবহাওয়াবিদদের মতে, মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে শুরু করেছে। যা পরবর্তীতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে স্বস্তির খবর এটাই যে, এই সিস্টেমের সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম। কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *