শ্রেণীকক্ষে সহপাঠীর গলায় কোপ, কেন এত হিংস্র হয়ে উঠছে শিশুরা?

বার্তা ডেস্কঃ

কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে নবম শ্রেণির এক পড়ুয়ার গলায় সহপাঠীর ছুরির কোপ মারার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত ৫ বছরে চাঁপদানি, বাগবাজার কিংবা বাঁকুড়ায় শিক্ষার্থীদের মধ্যে একাধিক হিংসাত্মক আচরণের পর এই ঘটনা আবারও স্কুলের নিরাপত্তা ও শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। সিসিটিভি ও নিরাপত্তারক্ষী বেষ্টিত চকচকে বেসরকারি স্কুলগুলোতে চার দেওয়ালের আবদ্ধ পরিবেশ এবং খেলার মাঠের অভাবই শিশুদের মানসিক বিকাশ ব্যাহত করছে বলে মনে করছেন মনোবিদ ও শিক্ষাবিদরা।

মনোবিদদের মতে, সমাজমাধ্যম, হিংসাত্মক চলচ্চিত্র ও রক্তক্ষয়ী ভিডিও গেমের প্রতি অতি-আসক্তিই কমবয়সীদের এই চরম আগ্রাসী আচরণের মূল কারণ। মস্তিষ্কের পূর্ণ বিকাশ না হওয়ায় শিশুরা পর্দায় দেখা হিংস্রতা অনুকরণ করার চেষ্টা করে। এছাড়া অভিভাবকদের অতিরিক্ত আশকারা এবং না চাইতেই উপহার দেওয়ার অভ্যাসের কারণে তারা সংযম হারাচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ, সন্তানদের রক্তক্ষয়ী গেম ও উগ্র বিষয়বস্তু থেকে দূরে রেখে মনিটরিং করা, খেলাধুলায় উৎসাহিত করা এবং তাদের সঙ্গে বেশি সময় গল্প করে সঠিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *