লজেন্স কুড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, শিশুর শোকার্ত পরিবারের পাশে শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

রেজিনগর: নির্বাচনের প্রচার চলাকালীন লজেন্স কুড়োতে গিয়ে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র ৬ বছরের শিশু জেসমিনা খাতুন। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ রেজিনগরের লোকনাথপুর এলাকা। বৃহস্পতিবার নিহতের বাড়িতে হাজির হয়ে শোকার্ত পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। স্বজনদের সমবেদনা জানানোর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি উঠে গেলে প্রয়োজনীয় সহযোগিতার স্পষ্ট আশ্বাস দেন তিনি।

কীভাবে ঘটেছিল এই অঘটন?
গত রবিবার রেজিনগরের লোকনাথপুর এলাকায় প্রচার মিছিল চলছিল। হুডখোলা গাড়িতে সওয়ার হয়ে প্রচার চালাচ্ছিলেন প্রার্থী শফিউজ্জামান শেখ, সঙ্গে ছিলেন বিধায়ক মদন মিত্র এবং সাংসদ আবু তাহের খান। অভিযোগ, প্রচারের গাড়ি থেকে শিশুদের উদ্দেশ্যে চকোলেট ছুড়ছিলেন প্রার্থী নিজে। তা কুড়োতেই রাস্তার ধারে ভিড় জমায় স্থানীয় শিশুরা, যাদের মধ্যে ছিল ৬ বছরের জেসমিনাও। চকোলেট কুড়ানোর হুড়োহুড়িতে পড়ে গিয়ে পেছনে থাকা একটি গাড়ির ধাক্কায় মারাত্মক জখম হয় সে।

হাসপাতালে লড়ায়ের পর মৃত্যু:
গুরুতর আহত অবস্থায় জেসমিনাকে উদ্ধার করে কলকাতার নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খুদে জেসমিনা। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে এবং প্রচারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা।

পরিবারের পাশে থাকার আশ্বাস:
বৃহস্পতিবার এলাকায় কর্মসূচিতে গিয়ে সরাসরি জেসমিনার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। নিহতের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে জানেন এবং জেসমিনার দিদির পড়াশোনার খোঁজখবর নেন। পরিবারের উদ্দেশ্যে তিনি জানান, “আমি আপনাদের পাশে আছি। এখন নির্বাচনী বিধিনিষেধ চালু থাকায় সরকারি ভাবে কিছু করা সম্ভব নয়। ৯ অক্টোবরের পর আচরণবিধি উঠে গেলে যা করার আমি করব।” পরবর্তীতে পরিবারের নাম ও যোগাযোগের নম্বর জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার পরামর্শও দেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *