শিলিগুড়িতে ইডির মেগা অভিযান, সুপারির সিন্ডিকেটে কোটি কোটি টাকার কর ফাঁকির পর্দাফাঁস!

বার্তা ডেস্কঃ

জিএসটি ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সুপারি ব্যবসা চালানোর গুরুতর অভিযোগে শিলিগুড়ি শহরজুড়ে একযোগ মেগা অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরিট বা ইডি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মুড়ে শহরের মোট ছয়টি জায়গায় তল্লাশি শুরু করেন আধিকারিকরা। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট সুপারি ব্যবসায়ী চক্র সরকারি কর ফাঁকি দিয়ে ব্যবসা চালাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতেই এই সাঁড়াশি হানা বলে জানা গেছে। অভিযানের অংশ হিসেবে বর্ধমান রোডে সন্দীপ বৈদ্য নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আর্থিক লেনদেনের নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

একই সঙ্গে পরিচিত সুপারি ব্যবসায়ী ধীরজ ঘোষ ওরফে হিরেশ ঘোষের ফাঁসিদেওয়ার ফার্ম হাউসসহ একাধিক আস্তানায় তল্লাশি চালাচ্ছেন ইডি গোয়েন্দারা। সুপারি ব্যবসার আড়ালে ঠিক কীভাবে এই কর ফাঁকির জাল বিছানো হয়েছিল, তা জানতেই নথিপত্র মেলাবার কাজ চলছে। শহরের বিভিন্ন প্রান্তে ইডির এই ঝটিকা অভিযানে বর্তমানে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই অভিযানে কত টাকার দুর্নীতি হয়েছে কিংবা কী কী নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, সে বিষয়ে এখনও আধিকারিকদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এই চক্রে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *