হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গেরুয়া দুর্গ গুঁড়িয়ে ইতিহাস গড়া এই এসএফআই নেত্রী কে?
বার্তা ডেস্কঃ
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপির আধিপত্য ভেঙে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বামপন্থী ও প্রান্তিক ছাত্রসংগঠনগুলির বৃহত্তর জোট। নির্বাচনে এসএফআই নেত্রী দিলশাদা রায়হান সভাপতি পদে জয়ী হয়েছেন। ছয়টি প্রধান পদের মধ্যে পাঁচটিই গিয়েছে এসএফআই, এএসএ, এআইএসএ, ডিএসইউ এবং টিএসএফ জোটের দখলে। সভাপতি পদে দিলশাদা ৪৫০টিরও বেশি ভোটে এবিভিপি জোটের প্রার্থীকে পরাজিত করেন। গত বছর বাম ও আম্বেদকরপন্থী সংগঠনগুলির বিভাজনের সুযোগে এবিভিপি জয়ী হলেও, এ বছর ঐক্যবদ্ধ লড়াইয়ের ফলে ছবি পুরোপুরি বদলে গিয়েছে।
টিভি৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দিলশাদা জানান, ছাত্রছাত্রীদের ঐক্য এবং সরকারের ছাত্রবিরোধী নীতির বিরুদ্ধে ক্ষোভই এই জয়ের মূল চাবিকাঠি। কেরলের বাসিন্দা হলেও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাঁর অনুপ্রেরণা। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে এই লড়াই অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিদায়ী এবিভিপি সভাপতি শিবা পালেপুর জোটবদ্ধতা ও ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই জয় দেশের আন্দোলনরত ছাত্রসমাজকে নতুন দিশা দেখাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।