দিল্লিকে ঘিরে ফেলল সেনা! সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে তুঙ্গে উত্তেজনা
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও অপসারণের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বাম ও আম আদমি পার্টির যৌথ বিক্ষোভে নজিরবিহীন সংঘর্ষ ও ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে জালিয়াতির অভিযোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে শুরু থেকেই কড়া অবস্থান নেয় দিল্লি পুলিশ। গোটা এলাকা ব্যারিকেডে মুড়ে ফেলার পাশাপাশি শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র ধস্তাধস্তি ও বলপ্রয়োগের ঘটনা ঘটে, যার জেরে রাজধানীতে চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়।
এই পুলিশি তাণ্ডব ও ধরপাকড়ের ঘটনায় সাড়ে সাত শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তালিকায় রয়েছেন সিপিএমের প্রবীণ নেত্রী বৃন্দা কারাত এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ ও আতিশীর মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিপিএম পলিটব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ শহরটিকে কার্যত সেনাঘাঁটিতে পরিণত করেছে এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। সিইসির পদত্যাগের দাবিতে এই আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী শিবির।