প্রকাশ্য রাস্তায় মহিলাকে শ্লীলতাহানি! ‘সরি’ বলেই চম্পট দিতে গিয়ে শ্রীঘরে অভিযুক্ত

বার্তা ডেস্কঃ

কলকাতা: খাস কলকাতায় দিনের আলোতেই ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা! শ্যামবাজারের দিকে যাওয়ার পথে আরজি কর ব্রিজের ওপর ট্রাফিক সিগন্যালে এক স্কুটিচালক মহিলাকে প্রকাশ্যে শ্লীলতাহানি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল।

আচমকা ‘সরি’ এবং শ্লীলতাহানি ঘটনাটি ঘটে ক্যানাল ওয়েস্ট রোডের কাছে। অভিযোগকারী মহিলার দাবি, তিনি যখন স্কুটি নিয়ে সিগন্যালে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই এক ব্যক্তি আচমকা তাঁর দিকে এগিয়ে আসে। প্রথমে সে ‘সরি’ বলে এবং তারপরেই ইচ্ছাকৃতভাবে তাঁকে স্পর্শ করে শ্লীলতাহানি করে।

মহিলার সাহস ও আমজনতার সহযোগিতা ঘটনার আকস্মিকতায় ভেঙে না পড়ে সঙ্গে সঙ্গে স্কুটি থেকে নেমে অভিযুক্তকে ধরে ফেলেন ওই মহিলা। ধরা পড়ে যাওয়ার পর অভিযুক্ত বখাটে তাঁকে তীব্র ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তবে ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা মহিলার পাশে দাঁড়ান এবং পুলিশে অভিযোগ জানাতে সাহায্য করেন।

শ্রীঘরে অভিযুক্ত, খারিজ জামিন ঘটনার পর টালা থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তির নাম ইশতিয়াকুর রহমান, তিনি বেলগাছিয়ার বাসিন্দা। বর্তমানে তিনি উল্টোডাঙা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

ঘটনায় এফআইআর (FIR) দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল অভিযুক্তকে শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেন। কঠিন সময়ে টালা থানার পুলিশ ও সাধারণ মানুষের সহায়তার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী মহিলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *