‘বড় চোরও জেলে যাবে!’ নন্দীগ্রামের সভা থেকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
বার্তা ডেস্কঃ
নন্দীগ্রাম: নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ফের রাজনৈতিক পারদ চড়ল নন্দীগ্রামে। নন্দীগ্রামের জনসভা থেকে নাম না করেই কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মঞ্চ থেকে তাঁর বার্তা, “সব চোরেরা জেলে, বড় চোর কবে যাবে? বড় চোরও জেলে যাবে, আপনারা এতটুকু বিচলিত হবেন না।”
নন্দীগ্রামবাসীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, “চোরামূলের লোকদের বলি, অনেক চেষ্টা করেও ইভিএমে আর শুকনো ঘাস বা জোড়াফুলের প্রতীক দেখতে পাবেন না। যেদিন নন্দীগ্রামে জয়ী সার্টিফিকেট নিয়েছিলাম, সেদিনই বলেছিলাম—সব দল থাকবে, কিন্তু এই দলটার নাম-নিশান থাকবে না। আজকে নাম-নিশানও নেই, প্রার্থীও নেই। এরা এত পাপ আর অত্যাচার করেছে, যার সীমা-পরিসীমা নেই।”
‘বড় চোরও পার পাবে না’ শেখ শাহজাহান থেকে শুরু করে একাধিক নেতার নাম উল্লেখ করে শুভেন্দু বলেন, সব চোরেরা একে একে জেলে যাচ্ছে। সাধারণ মানুষ যে প্রশ্নের উত্তর খুঁজছেন, সেই প্রসঙ্গ টেনে তিনি আশ্বস্ত করেন যে বড় চোরও খুব শীঘ্রই গরাদের পেছনে যাবে।
উন্নয়নের খতিয়ান ও আশ্বাস এদিনের সভা থেকে এলাকার উন্নয়ন নিয়ে বড় প্রতিশ্রুতি দেন তিনি:
- গত পাঁচ মাসে নন্দীগ্রামের মানুষের উন্নয়নে একাধিক কাজ করা হয়েছে।
- আগামী এক বছরের মধ্যেই অধিকাংশ বাঁকি থাকা কাজ সম্পূর্ণ করা হবে।
- পদে থাকি বা না থাকি, ভবিষ্যতেও নন্দীগ্রামের মানুষকে আগের চেয়ে তিন গুণ বেশি সাহায্য করার কথা দেন তিনি।
একই সাথে দলীয় প্রার্থী হাসিরানি রথ একজন অত্যন্ত যোগ্য প্রতিনিধি হিসেবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিরোধী শিবিরকে তীব্র আক্রমণ বক্তব্যের শেষলগ্নে বাম, কংগ্রেস ও তৃণমূলকে একযোগে বিঁধে শুভেন্দু অধিকারী বলেন, “ওই ঘাসফুল আর ছিন্নমূল পার্টিটাই আর নেই। সাংসদ-বিধায়করা সব বিচ্ছিন্ন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন গরুর গাড়ির হেডলাইটের মতো।” কংগ্রেসকে ‘সাইনবোর্ড’ এবং সিপিআইএম-বামফ্রন্টকে ‘অস্তিত্বহীন’ বলে কটাক্ষ করার পাশাপাশি বিরোধী প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।