ঘরে বসেই বইমেলা! চালু হল অফিসিয়াল পোর্টাল, কবে থেকে শুরু ৫০তম সংস্করণ?

বার্তা ডেস্কঃ

৫০তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে স্মরণীয় ও সহজতর করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল আয়োজক কমিটি। ২০২৭ সালের সুবর্ণ জয়ন্তী বর্ষের বইমেলাকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো অফিসিয়াল পোর্টাল। বইমেলা সংক্রান্ত যাবতীয় পরিষেবা এবার এক ক্লিকেই মিলবে ডিজিটাল মাধ্যমে।

ঘরে বসেই মোবাইল থেকে স্টল বুকিং নতুন এই পোর্টাল চালুর ফলে প্রকাশক, বই বিক্রেতা কিংবা লিটল ম্যাগাজিনের প্রতিনিধিদের আর সশরীরে উপস্থিত হয়ে চক্কর কাটতে হবে না। ই-মেল ও মোবাইল নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পূর্ণ করা যাবে। আবেদনপত্রের পাশাপাশি প্রয়োজনীয় নথি আপলোড করার ব্যবস্থাও রাখা হয়েছে এই পোর্টালে।

এক নজরে মেলার গুরুত্বপূর্ণ তথ্য:

  • মেলার সময়সীমা: আগামী ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, ২০২৭।
  • এবারের স্লোগান: ‘বই পড়ুন, বই পড়ান।’
  • স্বচ্ছ স্টল বণ্টন: এবার ম্যানুয়ালের বদলে কম্পিউটারাইজড বা অটোমেটিক পদ্ধতিতে স্টল বণ্টনের চিন্তাভাবনা করছে উপদেষ্টা কমিটি।
  • থিম কান্ট্রি: মেলার থিম কান্ট্রি কী হবে, তা যথাসময়ে উপদেষ্টা কমিটির বৈঠকের পর জানানো হবে।

শুধু অংশগ্রহণকারীদের জন্যই নয়, সাধারণ বইপ্রেমীদের সুবিধার্থেও পোর্টালে রাখা হচ্ছে মেলার সময়সূচি, স্থান, যাবতীয় বিজ্ঞপ্তি ও জরুরি নির্দেশিকা। আয়োজকদের মূল লক্ষ্য—৫০তম বর্ষের প্রস্তুতিকে আরও স্বচ্ছ, সহজ ও যুগোপযোগী করে তোলা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *