ভারত-পাকিস্তান মহারণের আগে বড় চমক, ফাইনাল থেকে সরছেন নকভি!

বার্তা ডেস্কঃ

আগামিকাল এশিয়ান গেমসের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ের আগে তৈরি হয়েছে বড় নাটক। জাপানের মাটিতে আয়োজিত এই সোনার পদকের মেগা ফাইনালে থাকছেন না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এসিসি সূত্রে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে তিনি মাঠে উপস্থিত থাকতে পারবেন না। তবে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার আবহে তাঁর এই হঠাৎ সরে দাঁড়ানোকে ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

মূলত গত বছর পুরুষদের এশিয়া কাপ এবং চলতি বছরের মহিলাদের টুর্নামেন্টে ভারতীয় দলের ট্রফি বয়কটের ঘটনার পরই এই বিতর্কের সূত্রপাত হয়। ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সেনার প্রতি সমর্থনের কারণে পাক স্বরাষ্ট্রমন্ত্রী নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিল টিম ইন্ডিয়া। সেই দীর্ঘকালীন সংঘাত ও অস্বস্তি এড়াতেই এবার এশিয়াডের পদক বিতরণী মঞ্চ এড়িয়ে গেলেন তিনি। নকভির অনুপস্থিতিতে এদিনের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, স্থানীয় আয়োজক কমিটি এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *