সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে নবান্নের কড়া নির্দেশ, দ্রুত শুরু হচ্ছে জমি অধিগ্রহণ!

বার্তা ডেস্কঃ

কলকাতা: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে আর কোনও ঢিলেমি বা বিলম্ব সহ্য করবে না রাজ্য সরকার। সীমান্ত সুরক্ষা মজবুত করা এবং অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিল নবান্ন।

পশ্চিমবঙ্গে মোট ২,২১৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ইতিমধ্যেই ১,৬৫৩ কিলোমিটারের বেশি এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাকি অংশে প্রায় ৪৫০ কিলোমিটার বেড়া নির্মাণের জন্য ৯টি জেলায় ১,১৭৭ একরের বেশি জমি অধিগ্রহণ ইতিমধ্যে শেষ। নবান্ন সূত্রে খবর, আর মাত্র ৯৪ একর জমি সংগ্রহ করতে পারলেই সীমান্ত বেড়া নির্মাণের প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

কোন কোন জেলায় কাজ বাকি? সীমান্তবর্তী ৯টি জেলার মধ্যে ৪টি জেলায় কাজ সম্পূর্ণ হলেও, এখনও ৫টি জেলায় জমি অধিগ্রহণের কাজ বাকি রয়েছে:

  • কোচবিহার: ৪৫ একর
  • উত্তর দিনাজপুর: ২০ একর
  • দক্ষিণ দিনাজপুর: ১১ একর
  • নদীয়া: ৯ একর
  • জলপাইগুড়ি: ৮ একর

টাকার অজুহাত বরদাস্ত নয় নবান্ন সূত্রে জানা গিয়েছে, জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই বরাদ্দ করে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে অর্থের অভাব দেখিয়ে কাজ ফেলে রাখার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট জেলাশাসকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত জমি অধিগ্রহণ শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফ-এর হাতে জমি তুলে দিতে হবে।

রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে কাঁটাতারের বেড়া নির্মাণকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *