ইডেনে মহালয়ার মেগা ইভেন্ট থেকে সরছেন মোদী, এবার কার অপেক্ষায় শহর?
বার্তা ডেস্কঃ
দেবীপক্ষের সূচনায় ইডেন গার্ডেন্সের মহালয়ার মেগা আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড়সড় জল্পনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইডেনে উপস্থিত থাকার কথা থাকলেও, শেষ মুহূর্তে তাঁর সফর বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার ও সিএবি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরিবর্তে এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা করা হয়নি।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর হাত ধরে চক্ষুদানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা এবং রেড রোডে বর্ণাঢ্য রোড শো হওয়ার কথা ছিল। পাশাপাশি, এক হাজার মহিলার উলুধ্বনি, দশ হাজার ঢাকের বাদ্যি ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে বিশ্বরেকর্ড গড়ার মেগা আয়োজন রয়েছে। তবে ভিআইপি অতিথি বদলালে পুরো অনুষ্ঠান সূচিতে বড় পরিবর্তন অবশ্যম্ভাবী। এদিকে, ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন এসপিজির নিয়ন্ত্রণে থাকা এবং ১১ অক্টোবর থেকে বাংলার রঞ্জি ম্যাচ শুরু হওয়ায় স্টেডিয়ামের বিকল্প বন্দোবস্ত নিয়ে জোরকদমে আলোচনা চলছে।