রেলযাত্রী সাবধান! ডিসেম্বরেই বদলে যাচ্ছে PNR ব্যবস্থা, জারি নতুন নিয়ম!
বার্তা ডেস্কঃ
ট্রেনের টিকিটে দশক পুরোনো PNR প্রথায় বড়সড় বদল আনছে ভারতীয় রেল। আগামী ডিসেম্বর থেকেই শুরু হতে চলেছে এই নতুন ‘মাইগ্রেটেড PNR’ ব্যবস্থা।
সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রার জন্য ভারতীয় রেল সবসময়ই সাধারণ মানুষের প্রথম পছন্দ। যাত্রীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে প্রতিনিয়ত প্রযুক্তিগত পরিবর্তন আনছে রেল কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে এবার টিকিট বুকিংয়ের কয়েক দশক পুরোনো PNR নম্বরের নিয়মে এক ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে।
নতুন PNR সিস্টেমে কী কী বদল আসছে? এতদিন রিজার্ভেশন টিকিটে যে ১০ সংখ্যার PNR নম্বর থাকত, তার জায়গা নেবে একটি নতুন ‘মাইগ্রেটেড PNR’ সিরিজ।
- ডিসেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন নিয়মে PNR নম্বরগুলি সাধারণত ১, ৩, ৫ বা ৭-এর মতো বিজোড় (Odd) সংখ্যা দিয়ে শুরু হবে।
- এতদিন PNR-এর প্রথম সংখ্যাটি নির্দিষ্ট জোন বা ডেটাবেস সেন্টার প্রকাশ করত (যেমন Delhi-র জন্য ২, Mumbai-র জন্য ৮)। নতুন সিস্টেমে অঞ্চলভিত্তিক জোনিংয়ের এই পুরোনো প্রথা পুরোপুরি উঠে যাচ্ছে।
ইতিমধ্যেই লখনউয়ের একটি ট্রেনে (১৪২১০ নম্বর ট্রেন) সফলভাবে এই ব্যবস্থার ট্রায়াল চালানো হয়েছে, যেখানে টিকিটে ‘PNR 500’ সিরিজের নম্বর ব্যবহার করা হয়।
কেন এই পরিবর্তন? সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) ট্রেনের পুরো টিকিটিং ও রিজার্ভেশন ব্যবস্থাকে অত্যাধুনিক প্রযুক্তিতে রূপান্তর করেছে। নতুন প্রযুক্তির ফলে সিট নির্ধারণ এবং টিকিট সংক্রান্ত কাজ অনেক দ্রুত ও সহজে করা সম্ভব। তবে পুরোনো ১০ সংখ্যার PNR বিন্যাসটি নতুন এই সফটওয়্যারের সাথে মানানসই হচ্ছিল না। সেই কারণেই PNR ফরম্যাটটি সম্পূর্ণ বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম দফায় দেশজুড়ে প্রায় ১,২৩০টি ট্রেনকে এই পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই দেশের প্রায় সমস্ত রুটে এই নতুন PNR ব্যবস্থা চালু হয়ে যাবে।
যাত্রীদের জন্য জরুরি সতর্কবার্তা: এই নতুন ব্যবস্থার কারণে একটি বিষয়ে আগাম টিকিট কেটে রাখা যাত্রীদের সমস্যা হতে পারে। যাঁরা পুরোনো সিস্টেমে টিকিট কেটেছেন, পরবর্তীতে সেই টিকিটে কোনো পরিবর্তন বা যাত্রার তারিখ বদলাতে চাইলে নতুন সিস্টেমে তা সরাসরি সংশোধন করা যাবে না। সেক্ষেত্রে পুরোনো টিকিটটি বাতিল (Cancel) করে নতুন নিয়মে আবার টিকিট কাটতে হবে। তাই আগে থেকে টিকিট বুক করা থাকলে বা নতুন টিকিট কাটার পরিকল্পনা থাকলে রেলের এই নতুন নির্দেশিকা সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।