জমিতে জল দেওয়া নিয়ে বচসা, প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার ৪!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকার পূর্ব চণ্ডীপুরের চকমৌখালি মোল্লা-সিপাইপাড়ায় জমিতে জল ফেলাকে কেন্দ্র করে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিবেশীর জমিতে জল ফেলা নিয়ে দুই পরিবারের বিবাদ চরম আকার ধারণ করে। বচসার একপর্যায়ে প্রতিবেশী সন্টু ও তাঁর পরিবারের সদস্যরা পেশায় রাজমিস্ত্রি ৫১ বছর বয়সী আয়ুব শেখের ওপর বাঁশ ও লাঠি নিয়ে হামলা চালায়। বেধড়ক মারধরের কারণে আয়ুব শেখ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ও জ্ঞান হারান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নোদাখালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ঘটনার সঙ্গে যুক্ত সন্টুসহ একই পরিবারের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে। অতি সামান্য জল ফেলার ঘটনাকে কেন্দ্র করে এই পিটিয়ে হত্যার ঘটনায় সমগ্র এলাকায় তীব্র উত্তেজনা ও শোরগোল ছড়িয়ে পড়েছে। এটি নিছকই জল ফেলা নিয়ে বিতর্ক, নাকি এর পেছনে পূর্ব কোনো পুরনো শত্রুতা বা অন্য কারণ লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে সব দিক থেকে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ।