হার্নিয়ার অস্ত্রোপচারে তাজ্জব চিকিৎসকরা, যুবকের শরীরে মিলল জরায়ু ও ডিম্বনালি!
বার্তা ডেস্কঃ
বজবজের এক যুবকের হার্নিয়ার অস্ত্রোপচার করতে গিয়ে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের। ডায়মন্ড হারবারের একটি নার্সিংহোমে অস্ত্রোপচারের সময় ওই যুবকের দেহাভ্যন্তরে মহিলা প্রজনন অঙ্গ অর্থাৎ জরায়ু এবং ডিম্বনালির অস্তিত্ব ধরা পড়ে। যা দেখে রীতিমতো হতবাক চিকিৎসকরা। শুধু তাই নয়, পরীক্ষার পর দেখা যায় যে ওই যুবকের শরীরে কোনো অণ্ডকোষও নেই। এই বিরল পরিস্থিতির মুখোমুখি হয়ে চিকিৎসকরা জানিয়েছেন, রোগী পুরুষ নাকি নারী সেই বিভ্রান্তি কাটাতে তাঁর ক্রোমোজোম স্টাডি করানো হবে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় পুরুষদেহে এই ধরনের অমিল থাকাকে ‘সিউডোহেরম্যাফ্রোডিটিজম’ বলা হয়, যা অত্যন্ত বিরল একটি অবস্থা।
চিকিৎসকদের মতে, ভ্রূণের শারীরিক বিকাশের সময় হরমোনের অস্বাভাবিকতা বা অ্যান্ড্রোজেনের প্রভাবের কারণে এমন ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত অ্যান্ড্রোজেনের প্রভাবে ক্লিটোরিস অনেক সময় স্বাভাবিকের চেয়ে বড় হয়ে পুরুষাঙ্গের রূপ নেয়, কিন্তু অণ্ডকোষ অনুপস্থিত থাকে। ফলে বাহ্যিকভাবে কাউকে পুরুষের মতো দেখতে হলেও জিনগত বা প্রজননগত দিক থেকে তিনি নারী হতে পারেন। সাধারণত এই ধরনের ক্ষেত্র সামনে এলে রোগীকে চিকিৎসা শুরুর আগে কাউন্সেলিং করা হয়। এরপর রোগী পুরুষ বা নারী যার মতো জীবন বেছে নিতে চান, সেই সিদ্ধান্ত অনুযায়ী প্লাস্টিক সার্জারির মাধ্যমে ধাপে ধাপে চিকিৎসা প্রক্রিয়াকরণ করা হয়।