নজরুলের স্মৃতিধন্য কাঁটাবেড়িয়ার পুজো, যা আজও এক বিস্ময়!
বার্তা ডেস্কঃ
পশ্চিম বর্ধমানের কাঁটাবেড়িয়ার প্রাচীন মন্দির ও রাধামাধবের ঠাকুরদালানের দুর্গাপুজো প্রায় দেড়শো বছরের ঐতিহ্য বহন করে চলেছে। লোকবিশ্বাস অনুযায়ী, বীরভূমের দামোদর চন্দ্র ব্রজবাসীর হাতির পিঠে যাতায়াতের সময় উইঢিবি থেকে আতপ চাল বেরিয়ে আসার অলৌকিক ঘটনার মধ্য দিয়েই এই পুজো ও মন্দিরের সূচনা হয়। পরবর্তীকালে রাধামাধবের মন্দিরের পাশেই দেবী দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়, যা ধীরে ধীরে এলাকার মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
স্থানীয় প্রবীণদের দাবি, দেড়শো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই প্রাচীন পুজো প্রাঙ্গণে একসময় পা রেখেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মন্দিরের সঙ্গে সুড়ঙ্গপথের রহস্য এবং সিদ্ধপুরুষদের সাধনার কাহিনিও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বর্তমান সময়েও প্রতিবছর দুর্গাপুজোর সময় আগের বছরের প্রতিমার কাঠামো বিসর্জন দিয়ে নতুন প্রতিমা তৈরি করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করা হয়।