পুজোর সুরক্ষায় এবার কিউআর কোড, মুহূর্তেই মিলবে পুলিশ ও অ্যাম্বুলেন্সের সাহায্য!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোয় দর্শনার্থীদের পূর্ণাঙ্গ সুরক্ষা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে গ্রহণ করা হয়েছে এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের দিনগুলিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দ্রুত সহায়তা পৌঁছে দিতে চালু করা হয়েছে বিশেষ কিউআর কোড। দর্শনার্থীরা ফোনে কেবল এই কোড স্ক্যান করেই সংশ্লিষ্ট এলাকার পুলিশ হেল্পলাইন, জরুরি অ্যাম্বুল্যান্স ও নিকটবর্তী হাসপাতালের অবস্থানসহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য নিমেষেই পেয়ে যাবেন। এর পাশাপাশি মহিলাদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে স্থানজুড়ে মোতায়েন থাকছে বিশেষ দুর্গাবাহিনী, যা তৃতীয়া থেকেই পুরো জেলায় টহল দেওয়া শুরু করবে। রাতভর কড়া নজরদারির জন্য মাঠে নামানো হচ্ছে ২০ জন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক, ৫০০ জন কনস্টেবল এবং গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত র্যাফ।
নারী দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন মণ্ডপ সংলগ্ন নির্দিষ্ট দূরত্বে বায়ো টয়লেট এবং শিশুদের পরিচর্যার জন্য বেবি ফিডিং জোনের সুব্যবস্থা রাখা হয়েছে। ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখতে ও সাইবার অপরাধ রুখতে জেলা পুলিশের তরফে একাধিক নতুন ট্র্যাফিক কিয়স্ক ও সাইবার ওয়ালের বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া রাতের বেলায় নজরদারির উদ্দেশ্যে ১৫৯টি মোটরবাইক টিম, ৬৫টি সহায়তা বুথ এবং ৪৩টি পয়েন্টে নিয়মিত নাকা চেকিং চালানো হবে। দর্শনার্থীদের সুবিধার্থে মহালয়াতেই গাইডম্যাপ প্রকাশ করেছে জেলা পুলিশ এবং পঞ্চমী থেকে বিকেল তিনটের পর শহরের কেন্দ্রস্থলে বড় গাড়ি প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।