পুজোর কেনাকাটা ও বিরিয়ানি নিয়ে বিতর্ক! শিলিগুড়িতে পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর প্রাক্কালে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে হিন্দু জাগরণ মঞ্চের পোস্টার ঘিরে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রবিবার সকালে শহরের নানা প্রান্তে এই পোস্টারগুলি নজরে আসে, যেখানে হিন্দু দোকান থেকেই পুজো সামগ্রী কেনা এবং সেখান থেকেই বিরিয়ানি খাওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের একাংশের মত, কেনাকাটার ক্ষেত্রে এভাবে কোনও নির্দিষ্ট নির্দেশিকা বা জোর খাটানো উচিত নয়, যার যার ইচ্ছামতো দোকান থেকে কেনাকাটা করার স্বাধীনতা থাকা উচিত।

অন্যদিকে, এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র মতবিরোধ। শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব এবং প্রাক্তন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা করে একে ধর্মনিরপেক্ষতার পরিপন্থী ও বিভেদ সৃষ্টির রাজনীতি বলে অভিহিত করেছেন। অন্যদিকে, বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডল এই পদক্ষেপের সমর্থনে মত প্রকাশ করে সনাতনী সংস্কৃতির কথা তুলে ধরেছেন। সংগঠনের শিলিগুড়ি মহানগর সংযোজক অভিষেক দাসের দাবি, মাদক ও অনলাইন প্রতারণার মতো বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্যই এই পোস্টার দেওয়া হয়েছে, অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *