দিল্লির পর এবার তিলোত্তমা! রাজাবাজার থেকে পার্কসার্কাস অভিযানে মমতা, মিলবে কি অনুমতি?

বার্তা ডেস্কঃ

দিল্লির প্রতিবাদের আঁচে এবার উত্তপ্ত হতে চলেছে কলকাতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামিকাল, মঙ্গলবার দুপুরে তিলোত্তমার বুকে ‘জ্ঞানেশ হটাও’ মিছিলের ডাক দিয়েছে কালীঘাট তৃণমূল। রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত প্রস্তাবিত এই প্রতিবাদ মিছিলে স্বয়ং তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে পারেন বলে এক প্রচারপত্রে ইঙ্গিত মিলেছে। দিল্লিতে তরুণ প্রজন্মের ওপর অত্যাচার ও ‘এসআইআর’-এর মাধ্যমে ভোটে কারচুপির অভিযোগে সরব হয়ে কেন্দ্র বিরোধী এই পদযাত্রায় আমজনতাকে এককাট্টা হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমিধ্যেই এই কর্মসূচির বার্তা জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে।

তবে এই মেগা মিছিলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ট্রাফিক ও পুলিশি অনুমতি। দুর্গোৎসবের ঢাঁকের বাদ্যি বেজে যাওয়ায় তিলোত্তমার রাজপথে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে। এই উৎসবের মরসুমে রাজাবাজার থেকে পার্কসার্কাসের মতো ব্যস্ততম রুটজুড়ে মিছিলের অনুমতি কলকাতা পুলিশ দেবে কি না, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে। পুলিশি সবুজ সংকেত না মিললে ঘাসফুল শিবিরের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবুও ‘ইন্ডি’ জোটের দিল্লির অভিযানের পর কলকাতার এই রাজনৈতিক জলঘোলা ঘিরে চড়ছে পারদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *