হারিয়ে যাওয়া জাদুকে ফিরিয়ে আনতে কলকাতায় দেশের প্রথম আন্তর্জাতিক ম্যাজিক স্কুল!
বার্তা ডেস্কঃ
বাংলার ঐতিহ্যবাহী জাদুশিল্পকে রক্ষা করতে এবং একে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। শহরের বুকে শীঘ্রই গড়ে উঠতে চলেছে ‘ওয়েস্ট বেঙ্গল স্কুল অফ ম্যাজিক, ইলিউশন অ্যান্ড পারফর্মিং আর্টস’। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে স্বশাসিত এই প্রতিষ্ঠানে জাদু শেখানোর পাশাপাশি গবেষণা, প্রদর্শনী এবং শিল্প সংরক্ষণের সুব্যবস্থা থাকবে। তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে কলকাতাকে বিশ্বমঞ্চে ‘ম্যাজিক সিটি’ হিসেবে তুলে ধরার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
এই প্রকল্পের রূপরেখা তৈরি ও পরিচালনার কাজে পরামর্শদানের জন্য একটি বিশেষ রাজ্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিশিষ্ট জাদুকর ও পি সি সরকার পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা যুক্ত থাকছেন। প্রস্তাবিত এই চত্বরে অ্যাকাডেমির পাশাপাশি থিয়েটার হল, সংগ্রহশালা, আর্কাইভ, গবেষণাগার এবং পোশাক তৈরির কর্মশালা গড়ার পরিকল্পনা রয়েছে। নবান্নের মতে, মোবাইল-সর্বস্ব বর্তমান যুগে হারিয়ে যেতে বসা এই শিল্পকে বাঁচানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।