মাঝ আকাশে হাইজ্যাক আতঙ্ক! এয়ার ইন্ডিয়ার বিমান জয়পুরে জরুরি অবতরণ
বার্তা ডেস্কঃ
ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৯ বিমানে হঠাৎ নিরাপত্তা সতর্কতা জারি হওয়ার পর রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। এআই ২০৩০ নম্বরের এই ফ্লাইটটি চলাকালীন পাইলট ‘স্কোয়াক কোড ৭৫০০’ বা হাইজ্যাকের সংকেত ব্যবহার করায় বিমানবন্দরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ ও নিরাপত্তারক্ষীরা পুরো বিমান ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন।
বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করা না হলেও, যাত্রীদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে ধাপে ধাপে বাইরে বের করে আনা হয়েছে। নিরাপত্তারক্ষীরা যাত্রীদের পাশাপাশি তাদের মালপত্রও খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন। আন্তর্জাতিক বিমান চলাচলের নিয়ম অনুযায়ী হাইজ্যাক বা বেআইনি হস্তক্ষেপের আশঙ্কা থেকেই এই বিশেষ কোড ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য বিমান কর্তৃপক্ষের পরবর্তী বার্তার অপেক্ষা করা হচ্ছে।