৪১ বছরে কংগ্রেসের শোচনীয় পরাজয়, অমিত শাহের তোপে বিদ্ধ রাহুল!
বার্তা ডেস্কঃ
গুজরাটের স্থানীয় নির্বাচনে বিপুল জয়ের পর কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, গত ৪১ বছরে গুজরাটে একটিও নির্বাচনে জয়লাভ করতে পারেনি কংগ্রেস। ১৯৮৫ সালের পর থেকে রাজ্যটিতে তাদের রাজনৈতিক জমানার অবসান ঘটেছে এবং জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতির ওপর সম্পূর্ণ আস্থাশীল। এদিনের নির্বাচনে মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টিতেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। বিশেষ করে গান্ধীনগর পুরনিগমের ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতে জয় পাওয়ার পাশাপাশি গতবারের তুলনায় ১০ শতাংশ ভোটবৃদ্ধির কথাও তুলে ধরেন তিনি।
পাশাপাশি, এই নির্বাচনে আম আদমি পার্টিকে (আপ) কড়া ভাষায় আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আপ প্রতিদ্বন্দ্বিতা করা ৩২টি আসনেই তাদের জামানত হারিয়েছে। বিরোধীদের এই ভরাডুবি গুজরাটের রাজনৈতিক ময়দানে মোদী সরকারের অটুট জনভিত্তিকেই ফের স্পষ্ট করে তুলল। শাহের এই মন্তব্য বিরোধী শিবিরকে চরম অস্বস্তিতে ফেলেছে।