পুজোয় রেকর্ড ভিড় সামলাতে পথে ৬০০০ পুলিশ, বড় নির্দেশ কমিশনারের!
বার্তা ডেস্কঃ
আজ থেকে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর আনন্দ। চতুর্থীর এই দিন থেকেই শহর কলকাতায় প্যান্ডেল হপিংয়ে নামছেন সাধারণ মানুষ। এই বিশাল ভিড় ও যানজট নির্বিঘ্নে সামলাতে অভিনব ও কঠোর পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ প্রশাসন। ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে শহরের রাস্তায় মোতায়েন করা হচ্ছে প্রায় ছ’হাজার পুলিশকর্মী ও ট্রাফিক কর্মী। এর পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে যাতে জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায়।
শহরের পুজোমণ্ডপগুলির পাশাপাশি বিভিন্ন বাজার ও শপিং মলের ভিড়ের ওপর নজর রাখতে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র ডিসি পদমর্যাদার আধিকারিকদের। পুজোর সময় পথচারী ও যানবাহনের চলাচল আলাদাভাবে নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড, নো-পার্কিং এবং নো-এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে। ক্রাউড সার্কুলেশন প্ল্যানের মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থান পথ সুগম করা হচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ আইনশৃঙ্খলা রক্ষা এবং পুজোর আনন্দ সকলের জন্য নিরাপদ করতে কড়া বার্তা দিয়েছেন।