শপিং করতে গিয়ে ওষুধ খেতেই যুবকের মর্মান্তিক মৃত্যু, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা মুহূর্ত!
বার্তা ডেস্কঃ
মধ্যপ্রদেশের ভোপালে কেনাকাটা করতে গিয়ে ওষুধ খাওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হলো এক যুবকের। লক্ষ্মী টকিজ এলাকার একটি কাপড়ের দোকানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ৩০ বছর বয়সী মৃত ওই যুবকের নাম শৈলেন্দ্র মালব্য। তিনি এক বন্ধুর সঙ্গে বাজারে গিয়ে হঠাৎ অসুস্থ বোধ করায় দোকানদারের চেয়ার বসেছিলেন। সঙ্গে থাকা বোতলের জল দিয়ে একটি ওষুধ খাওয়ার পরেই তিনি যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন এবং দ্রুত চেয়ার থেকে নিচে পড়ে যান। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যা দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা।
ঘটনার আকস্মিকতায় দোকানের লোকজন ও বন্ধু মিলে তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শৈলেন্দ্র বাড়ি থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বেরিয়েছিলেন। আকস্মিক এই মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে, কারণ তিনি দুই ছোট সন্তান রেখে গেছেন। মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়; হার্ট অ্যাটাক নাকি অন্য কোনো কারণে এই প্রাণহানি ঘটল, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে হনুমানগঞ্জ থানার পুলিশ।