বইয়ের দোকান নাকি লটারি! দুর্গাপুজোয় সিপিএমের স্টল নিয়ে শেষ পর্যন্ত কী হবে?

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর মণ্ডপের কাছে বইয়ের স্টল বসানোর অনুমতি না পাওয়ায় দায়ের হওয়া মামলায় পুলিশের কাছ থেকে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আদালত প্রশ্ন তুলেছে, বইয়ের দোকান দিতে কিসের অসুবিধা হতে পারে? বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানিতে বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠস্বর রোধ না করার প্রসঙ্গটিও উঠে আসে। সিপিএমের অভিযোগ, উত্তর ২৪ পরগনার বনগাঁয় দীর্ঘদিন ধরে তাঁরা স্টল দিলেও এবার বাধা দেওয়া হচ্ছে। অন্য সংগঠন অনুমতি পেলেও তাঁদের বঞ্চিত করা হয়েছে বলে দাবি দলের।

শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র জানান, এই মামলার সঙ্গে পুলিশের সরাসরি সংযোগ নেই এবং জায়গাটি পূর্ত দফতরের আওতাধীন। তাই উপযুক্ত বেঞ্চে মামলা স্থানান্তরের আবেদন জানান তিনি। সমস্ত পক্ষের বক্তব্য শুনে বিচারপতি ভট্টাচার্য মামলাটি ছেড়ে দেওয়া নিয়ে চিন্তাভাবনা করার কথা জানান। তবে তার আগে পূর্ত দফতরের অনুমতি নিয়ে কারা সেখানে স্টল বসাচ্ছেন, সে বিষয়ে পুলিশের একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *