ইভিএম সংকটে পুরভোটের জট কাটল, হাই কোর্টের বড় রায়ে স্বস্তি!
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর পরেই রাজ্যে পুরভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। কিন্তু প্রস্তুতির মুখেই পর্যাপ্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর তীব্র ঘাটতি দেখা দেওয়ায় চরম আইনি জটিলতায় পড়েছিল রাজ্য নির্বাচন কমিশন। আদালতের পূর্ববর্তী নির্দেশে বহু ইভিএম আইনি প্রক্রিয়ার কারণে সংরক্ষিত রাখা হয়েছিল। আগামী নভেম্বর-ডিসেম্বর মাসেই রাজ্যের বকেয়া পুরসভাগুলিতে ভোটগ্রহণে আগ্রহী কমিশন।তাই মেশিনের সংকট মেটাতে শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের শরণাপন্ন হয় নির্বাচন কর্তৃপক্ষ।
সংকট নিরসনে হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওমনারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ মামলাটির তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, গত পুরভোটে কলকাতার তিনটি নির্দিষ্ট ওয়ার্ড এবং কাঁথি পুরসভার নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলি বাদ দিয়ে বাকি সব রক্ষিত মেশিনের তথ্য মুছে ফেলা যাবে। হাওড়া পুরনিগমসহ রাজ্যের অন্তত ১৫টি পুরসভায় দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে কাজ চালানো হচ্ছে।হাই কোর্টের এই সবুজ সংকেতের ফলে প্রয়োজনীয় ইভিএম পাওয়ার রাস্তা পরিষ্কার হলো এবং ভোট আয়োজনের বড়সড় বাধা কাটল।