‘ডিম থেরাপি’র শঙ্কা! হাইকোর্টের হস্তক্ষেপে নড়েচড়ে বসল স্বরাষ্ট্রমন্ত্রক
বার্তা ডেস্কঃ
নিজের লোকসভা কেন্দ্রে বারবার হামলার মুখে পড়া এবং ‘ডিম থেরাপি’র আশঙ্কার জেরে নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বুধবার এই মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পক্ষ হিসেবে যুক্ত করার নির্দেশ দিল আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে এই মামলায় যুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
আদালতে শুনানিকালে রাজ্যের আইনজীবী জানান, মহুয়া মৈত্রকে ইতিমধ্যে ‘ইয়েলো বুক’ বা নিয়মবিধি মেনেই ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে সাংসদের আইনজীবীর দাবি, একজন ব্যক্তিগত সুরক্ষা আধিকারিক বা পিএসও থাকলেও তিনি সর্বক্ষণ থাকেন না, যার ফলে প্রতিনিয়ত হেনস্থা ও হামলার মুখে পড়তে হচ্ছে। সমস্ত দিক বিবেচনা করে হাই কোর্ট নিরাপত্তা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলায় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ দেয়।