বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র থানায় অভিষেক, শুভেন্দুকে তুলোধনা করে ছুড়লেন বিস্ফোরক প্রশ্ন!

বার্তা ডেস্কঃ

ক্যামাক স্ট্রিট বিলবোর্ড কাণ্ডে বুধবার শেক্সপিয়র থানায় প্রায় পাঁচ ঘণ্টা হাজিরা দেওয়ার পর বিজেপি এবং রাজ্যের বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যে কোনও মামলা ও তদন্তে তিনি সব সময় সহযোগিতা করেছেন এবং কোনোদিনই কোনো প্রশ্ন এড়িয়ে যাননি। এই প্রসঙ্গেই নাম না করে বিরোধী শিবিরকে নিশানা করে তিনি কটাক্ষ ছুড়ে দেন যে, অতীতে নোটিস পেলেই যারা দলবদল করেছে, আজ তারাই নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিলবোর্ড ভাঙার এই ঘটনায় পুরসভার ভূমিকা ও আইনি প্রক্রিয়া নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি।

তৃণমূল নেতার সাফ দাবি, আইনি নিয়মকে পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশেই তাঁদের দলের বিলবোর্ড খোলা হচ্ছে এবং নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের যদি কিছুই না থাকে, তবে প্রতিপক্ষের এত ভয় কিসের? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা থেকে শুরু করে পার্টি অফিস ভাঙচুর—এতকিছুর পরেও কেন তাদের রাতে ঘুম আসছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। পরিশেষে অভিষেক মন্তব্য করেন, চুরি করে ক্ষমতায় আসার কারণেই প্রতিপক্ষ এত ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে এবং দেশের সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *