৩০০ কোটির মাটি চুরি নিয়ে তোলপাড়, ডায়মন্ড হারবার পুলিশের নজরে অভিষেকের আপ্তসহায়ক!

বার্তা ডেস্কঃ

পশ্চিম মেদিনীপুরসহ একাধিক জেলার নানা অনিয়মের বিতর্কের মাঝেই এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে বড়সড় আইনি বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। প্রায় তিনশো কোটি টাকার অবৈধ মাটি কাটা ও তা বিক্রির দুর্নীতির অভিযোগে সুমিতকে নিজেদের হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সুসংগঠিত চক্রের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার বহু বিঘা জমি থেকে সম্পূর্ণ বেআইনিভাবে মাটি কেটে খোলা বাজারে বিক্রি করা হয়েছে বলে মূল অভিযোগ। জোকা মেট্রো সংলগ্ন এলাকায় সক্রিয় এই অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে সুমিতের বিরুদ্ধে থানা ও আদালতে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস।

অভিযোগপত্র অনুযায়ী, গত কয়েক বছর ধরে ধাপে ধাপে প্রায় ১৬৩ বিঘা জমি থেকে অনৈতিকভাবে মাটি সাবাড় করা হয়েছে, যার ফলে আনুমানিক তিনশো কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি ছাড়াও ভূপ্রকৃতির মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। এফআইআরের সাথে দাবির সত্যতা প্রমাণের জন্য বেশ কিছু স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র জমা দেওয়া হয়েছে, যা ভূখণ্ডের ভৌগোলিক পরিবর্তন ও দীর্ঘদিনের বেআইনি কার্যকলাপ স্পষ্ট করে। ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই দুর্নীতি ২০২২ ও ২০২৩ সালে আশঙ্কাজনকভাবে বেড়ে ওঠে। পূর্বে স্থানীয় প্রশাসনিক স্তরে বারবার অভিযোগ সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া হলেও, বর্তমানে এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *