শচীনের প্রিয় সেই পদ, যা আজও তাকে মায়ের হাতের স্বাদ মনে করিয়ে দেয়!

বার্তা ডেস্কঃ

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ভালোবাসা পেলেও মায়ের হাতের রান্নার কাছে শচীন তেণ্ডুলকরের কাছে বাকি সব স্বাদই ফিকে। ক্রিকেট ক্যারিয়ারে খেলার সূত্রে বছরের অধিকাংশ সময় বিদেশে কাটাতে হলেও তাঁর মন পড়ে থাকত ঘরের খাবারে। দেশে ফেরার দু-তিন দিন আগেই মা রজনী তেণ্ডুলকরকে ফোন করে নিজের পছন্দের পদ বানিয়ে রাখার অনুরোধ জানাতেন ‘লিটল মাস্টার’। সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে শচীন ভক্তদের জানান যে, ডাল-ভাত এবং আলুভাজার পাশাপাশি তাঁর সবচেয়ে প্রিয় খাবার হলো মায়ের হাতের বিশেষ ‘কোলাম্বি ভাজি’ বা মহারাষ্ট্রীয় স্টাইলের মশলাদার চিংড়ি।

এই জিভে জল আনা পদটি তৈরি করতে প্রথমে ৫০০ গ্রাম চিংড়ি মাছ নুন, হলুদ এবং লেবুর রস দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইতে পেঁয়াজ, টমেটো, আদা-লঙ্কা বাটা এবং ঐতিহ্যবাহী মালবানি মশলা দিয়ে কষিয়ে একটি বিশেষ পেস্ট তৈরি করে নেওয়া হয়। এরপর হালকা ভেজে রাখা চিংড়িগুলো সেই পেস্টে দিয়ে ধিমে আঁচে রান্না করতে হবে। স্বাদ অনুযায়ী মাখা মাখা বা ঝোল রেখে নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাস্টার ব্লাস্টারের প্রিয় খাবার। শচীনের মতে, ভালোবাসায় তৈরি মায়ের এই রান্নার বিকল্প কোনো হোটেল বা রেস্তোরাঁয় পাওয়া আসাম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *