আর জি কর দুর্নীতি মামলায় স্বস্তি, জামিন পেলেন সুমন হাজরা!

বার্তা ডেস্কঃ

আর জি কর মেডিক্যাল কলেজের বহুল আলোচিত আর্থিক দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন তৎকালীন ভেন্ডার সুমন হাজরা। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। ২০২৪ সালে অভয়া কাণ্ডের তদন্তের মাঝেই আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সুমন হাজরা ও বিপ্লব সিংহ। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই দুই ভেন্ডার দীর্ঘদিন ধরে জেলবন্দি ছিলেন। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং সাক্ষ্যগ্রহণের শ্লথগতির কথা বিবেচনা করেই আদালত এই নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, এই আর্থিক দুর্নীতি মামলায় মোট ১৪৭ জন সাক্ষী থাকলেও এখনও পর্যন্ত মাত্র ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা না থাকায় আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করে। উল্লেখ্য, এর আগে পুজোর ঠিক আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন এই মামলায় মূল অভিযুক্ত তথা আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপের পদাঙ্ক অনুসরণ করেই এবার হাই কোর্ট থেকে জামিন পেলেন তাঁর ঘনিষ্ঠ ভেন্ডার সুমন হাজরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *