রবিবারের ব্লু লাইনে বড় বিভ্রাট, বদলে গেল মেট্রোর সময়সূচি!
বার্তা ডেস্কঃ
আগামী ১ নভেম্বর, রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। ওই দিন মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে। ফলস্বরূপ, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাতালরেল সেবা সম্পূর্ণ স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে কেবল দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই সীমিত পরিসরে ট্রেন চলাচল করবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণেশ্বর থেকে সকাল ৯টায় এবং ময়দান থেকে সকাল ৯টা ১৫ মিনিটে দিনের প্রথম মেট্রো ছাড়বে।
রবিবার ছুটির দিন হলেও এই দীর্ঘ রুটে পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীরা বড়সড় সমস্যায় পড়বেন। তবে সন্ধ্যা ৬টার পর থেকে ব্লু লাইনে ফের পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অন্যদিকে, নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইন এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গ্রিন লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। শনি ও রবিবারে সাধারণত অরেঞ্জ ও পার্পল লাইন বন্ধই থাকে। কম ভিড়ের সুযোগ নিয়ে রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে শেষ করতেই রবিবারকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।