মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! রাহুলকে নিয়ে বিস্ফোরক বিজেপি
বার্তা ডেস্কঃ
ছাত্রনেত্রী নেহা বোরার একটি বিতর্কিত ভিডিয়ো ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়েছে। মন্দিরের ভিতরে পুরোহিতদের বিরুদ্ধে ধর্ষণের মারাত্মক অভিযোগ তুলে ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) এই নেত্রী। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস এবং দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে সরাসরি নিশানা করেছে শাসক দল বিজেপি।
বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী দাবি করেছেন, নেহার এই বক্তব্যের সঙ্গে অতীতে রাহুল গান্ধীর দেওয়া হিন্দু ধর্মবিরোধী মন্তব্যের মিল রয়েছে। তাঁর অভিযোগ, হিন্দু ধর্ম এবং সনাতন সংস্কৃতিকে অবমূল্যায়ন করতে এবং সমাজে বিভাজন তৈরি করতে সুপরিকল্পিত প্রচার চালাচ্ছে বিরোধীরা। যদিও প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখার সময় নেহা এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন, তবে এই বিতর্ক এখন ধর্মীয় প্রতিষ্ঠান, মহিলাদের নিরাপত্তা ও রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।