অগ্নিবীরদের জন্য বড় সুখবর, চাকরির মেয়াদ বাড়াল মোদী সরকার!

বার্তা ডেস্কঃ

 

অগ্নিপথ প্রকল্পে বড় বদল: অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: সেনাবাহিনীতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে এবং গড় বয়স কমিয়ে আনার লক্ষ্যে ২০২২ সালে চালু হওয়া ‘অগ্নিপথ’ প্রকল্পে বড়সড় পরিবর্তনের পথে হাঁটল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হচ্ছে।

প্রকল্পের প্রাথমিক নিয়ম অনুযায়ী, চার বছরের চুক্তিতে তিন সশস্ত্র বাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ করা হয়েছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রায় ১৮ হাজার অগ্নিবীরের সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সরকারের এই নতুন ঘোষণা প্রকল্পটির কাঠামোর বড় পরিবর্তন নিয়ে এল।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণ্য জানান, প্রতিটি অগ্নিবীরকেই চাকরিতে বহাল থাকার সুযোগ দেওয়া হবে। তবে এই সুযোগ প্রদানের ক্ষেত্রে তাঁদের কাজের দক্ষতা ও সামগ্রিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। সিডিএস বলেন, “শুরু থেকেই এই প্রকল্পটি পর্যালোচনার বিষয়টি স্পষ্ট ছিল। প্রতি বছর কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তাঁদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানো প্রয়োজন।”

উল্লেখ্য, পূর্বের নিয়ম অনুযায়ী চার বছর শেষে মাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী চাকরিতে নেওয়ার সুযোগ ছিল এবং বাকি ৭৫ শতাংশকে এককালীন প্যাকেজ দিয়ে অবসরে পাঠানো হতো। স্বল্পমেয়াদি এই কাজের ধরণ নিয়ে শুরু থেকেই বিভিন্ন মহলে সমালোচনা ও উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলো অগ্নিবীরদের জন্য পুলিশ ও অন্যান্য সরকারি চাকরিতে সংরক্ষণের ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক চাপ তৈরি হয়। সেই প্রেক্ষাপটে কেন্দ্রের এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *