দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, উইকেন্ডে কি নামবে পারদ!

বার্তা ডেস্কঃ

দক্ষিণবঙ্গে ফের একবার আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মুরাসুর পরোক্ষ প্রভাবের কারণে কলকাতা সহ একাধিক জেলায় বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে এই টানা বৃষ্টির মেয়াদ দীর্ঘস্থায়ী হচ্ছে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির রেশ কাটলেই চলতি সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যার দিকে শীতের হালকা আমেজ অনুভূত হতে শুরু করবে।

যদিও সপ্তাহান্তে শীতের আমেজ ফেরার পূর্বাভাস মিললেও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর। এই সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী দিনে তাপমাত্রার ওঠানামা হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসছে বড় বদল। উত্তরের পাহাড়ি জেলাগুলিতে চলতি সপ্তাহে সর্বোচ্চ চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাপতন হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামিকাল থেকেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ছট পুজোর পুণ্যার্থীরাও মনোরম ও শীতল আবহাওয়ার মাঝেই উৎসব উদযাপন করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *