ট্রাঙ্কে প্রেমিকার লাশ, সারাদিন শহরে ঘুরল খুনি প্রেমিক!

বার্তা ডেস্কঃ

 

প্রেমিকার দেহ গাড়ির ডিকিতে পুরে সারাদিন শহর ভ্রমণ, খুনের অভিযোগে গ্রেপ্তার স্কুল ম্যানেজার

নিজস্ব প্রতিবেদন, দেওরিয়া: উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় এক স্কুল শিক্ষিকাকে খুনের পর তাঁর দেহ গাড়ির ট্রাঙ্কে ভরে সারাদিন শহরজুড়ে ঘোরার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক স্কুল ম্যানেজারের বিরুদ্ধে। মৃতার নাম রানী বিশ্বকর্মা (২৬)। ঘটনার পর অভিযুক্ত বিজয় নিষাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাতে দেওরিয়ার রুদ্রপুর থানা এলাকার একটি ঝোপের মধ্যে শিক্ষিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। নিহত তরুণী গোরখপুরের ঝাঙা থানা এলাকার বাসিন্দা ছিলেন এবং একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই স্কুলের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা বিজয় নিষাদের সঙ্গে রানীর প্রণয়ের সম্পর্ক ছিল।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, রানী দীর্ঘদিন ধরে বিজয়কে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। ৩১ অক্টোবর সকালে এ নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই সময় বিজয় কৌশলে রানীকে নিজের সাদা রঙের ওয়াগনআর গাড়িতে তুলে নেন। এরপর মিঠাবেল গ্রামের কাছে নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভেতরেই শ্বাসরোধ করে তাঁকে খুন করেন তিনি।

খুনের পর নিজের অপরাধ আড়াল করতে বিজয় মৃতদেহটি গাড়ির ডিকিতে ভরে ফেলে। এরপর সারাদিন মৃতদেহটি গাড়িতে রেখেই সে শহরজুড়ে স্বাভাবিকভাবে ঘোরাফেরা করে। অবশেষে সন্ধ্যার অন্ধকারে রুদ্রপুর থানা এলাকার শ্রীনেট গ্লোবাল স্কুলের পাশে নির্জন ঝোপের মধ্যে দেহটি ফেলে সে চম্পট দেয়।

তদন্তে নেমে এসওজি (SOG) এবং স্থানীয় পুলিশ দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে। বিজয়ের স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধে ব্যবহৃত গাড়িটি, মৃতার এটিএম কার্ড ও মোবাইলের ফ্লিপ কভার উদ্ধার করা হয়েছে। দেওরিয়ার এসপি অভিজিৎ আর. শঙ্কর জানিয়েছেন, ফরেনসিক দল ঘটনাস্থল ও গাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মৃতার পরিবারের সন্দেহ, এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে, পুলিশ সেই বিষয়টিও খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *