বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, তেলেঙ্গানায় প্রাণ হারালেন মহিলা কন্ডাক্টর!
বার্তা ডেস্কঃ
তেলেঙ্গানায় খুচরো টাকা নিয়ে বচসার জেরে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে মৃত্যু হলো এক তরুণী কন্ডাক্টরের। গত ২৫ অক্টোবর টিজিএসআরটিসির একটি বাসে মণুগুরু থেকে ভদ্রাচলম যাওয়ার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। টিকিট কাটার সময় ১০ টাকার ভাড়ার বিপরীতে ১০০ টাকার নোট দেওয়াকে কেন্দ্র করে যাত্রী বনোত মৌনিকার সঙ্গে কন্ডাক্টর গুন্ডলা প্রবালিকার কথা কাটাকাটি শুরু হয়। গন্তব্য কাছে চলে আসায় ওই যাত্রী বারবার খুচরোর জন্য তাড়া দিলে বচসা চরম আকার ধারণ করে। একপর্যায়ে মেজাজ হারিয়ে বাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকা প্রালিকাকে সজোরে ধাক্কা দেন মৌনিকা, যার জেরে তিনি চলন্ত বাস থেকে রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় হায়দরাবাদের একটি হাসপাতালে দীর্ঘ ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ওই তরুণীর মৃত্যু হয়। ঘটনার পরেই অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে তেলেঙ্গানার পরিবহণ মন্ত্রী মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বাসস্থানের ব্যবস্থা এবং তাঁর মায়ের জন্য চাকরির ঘোষণা করেছেন। অন্যদিকে, এই ঘটনার জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করে আরটিসির বিভিন্ন কর্মী সংগঠন অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।