গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ ও খুন, পরিবারকে ১০ লক্ষ টাকার সাহায্য রাজ্য সরকারের!
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গের গাইঘাটায় এক কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় নির্যাতিতার পরিবারের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হলো। বুধবার বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং মহকুমা শাসক প্রগতি নটিয়াল নির্যাতিতার বাড়িতে গিয়ে এই চেক প্রদান করেন। মুখ্যমন্ত্রী তাঁদের পাঠিয়েছেন জানিয়ে পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। পাশাপাশি, পরিবারের পক্ষ থেকে এক সদস্যের চাকরির আবেদন জানানো হলে, সে বিষয়ে উচ্চমহলের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। লক্ষ্মীপুজোর সকালে আত্মীয়ার বাড়ির কাছ থেকে ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
তদন্তে নেমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এক আত্মীয়কে গ্রেপ্তার করলেও, পরে পুলিশের এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু হয়। পুলিশের দাবি, পুনর্নির্মাণের সময় বন্দুক কেড়ে পালানোর চেষ্টার সময় আত্মরক্ষার্থে গুলিতে অভিযুক্তের মৃত্যু ঘটে। এদিকে ছেলের এনকাউন্টারে মৃত্যুতে প্রশ্ন তুলে আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন অভিযুক্তের মা। অন্যদিকে, সরকারি নিয়ম মেনেই এই আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে জানিয়েছে উত্তর ২৪ পরগনা পুলিশ। শোকস্তব্ধ নিহত ছাত্রীর পরিবার কান্নায় ভেঙে পড়লেও, এই অর্থ তাদের অভাবের সংসারে কিছুটা সুরাহা করবে বলে মনে করা হচ্ছে।