তৃণমূল অফিসে টাকা উদ্ধার! পুলিশের সাজানো চিত্রনাট্য ফাঁস করলেন অভিষেক?
ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারের ঘটনা ‘সাজানো নাটক’, অভিযোগ অভিষেকের
কলকাতা: ডায়মন্ড হারবারের একটি পার্টি অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধারের ঘটনাকে সম্পূর্ণ ‘সাজানো চিত্রনাট্য’ বলে অভিহিত করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে এক সাংবাদিক বৈঠকে তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দাবি করেন, পুলিশি তত্ত্বাবধানেই সেখানে টাকা ‘প্ল্যান্ট’ করা হয়েছে।
অভিষেকের দাবি, তাঁর ব্যক্তিগত সহায়ক সুমিত রায়কে গত ৩১ অক্টোবর একটি মামলায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপরই পুলিশের দাবি অনুযায়ী, ওই পার্টি অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধার হয়। এই ঘটনার তীব্র সমালোচনা করে অভিষেক বলেন, “পুলিশ কতটা অপদর্থ হলে এমন দুর্বল চিত্রনাট্য রচনা করতে পারে! যে স্থানটি পুলিশের তত্ত্বাবধানে ছিল এবং যেখানে অপরাধ সংঘটিত হয়েছিল, সেখানে ৫ মাস পর হঠাৎ টাকা পাওয়া গেল—এটি অবিশ্বাস্য।”
তিনি জানান, গত ২২ মে ডায়মন্ড হারবার থানায় একটি অভিযোগ জানিয়ে ইমেইল করা হয়েছিল। সেই অভিযোগপত্রে উল্লেখ ছিল, ২১ মে ওই পার্টি অফিসটি তার মালিককে ফেরত দিয়ে দেওয়া হয়। এরপর ২১ ও ২২ মে-র মধ্যরাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই পার্টি অফিসে ভাঙচুর চালায়। অভিষেক বলেন, “আমরা তখনই আশঙ্কা করেছিলাম যে, যারা ভাঙচুর করেছে তারা সেখানে কোনো কিছু প্ল্যান্ট করে যেতে পারে। সাড়ে পাঁচ মাস আগের সেই অভিযোগের কপি আমাদের কাছে সংরক্ষিত আছে।”
অভিষেকের বিস্ফোরক অভিযোগ, ডায়মন্ড হারবারের আইসি-র ব্যবহৃত কালো এক্সইউভি ৩০০ গাড়িতে করে টাকা নিয়ে গিয়ে ওই অফিসে রাখা হয়েছে। তিনি বলেন, “৩ তারিখ পেরিয়ে ৪ তারিখ রাত ১টা থেকে ৩টের মধ্যে আইসির গাড়িতে করে টাকা নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আইসির গাড়ি থেকে টাকার ব্যাগ নামিয়ে সেখানে টাকা রাখা হয়েছে। এই পুরো পরিকল্পনাটি এসপি ডায়মন্ড হারবারের নির্দেশেই হয়েছে।”
পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার কাছে প্রমাণ রয়েছে। আমি মামলা করার আহ্বান জানাচ্ছি, আমি আদালতে এই ফুটেজ জমা দেব।” এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ হিসেবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।