গাড়িতে টাকা নিয়ে গিয়ে রেখে আসেন ডায়মন্ডের আইসি, সিসিটিভি ফুটেজ হাতে থাকার দাবিতে তোপ অভিষেকের
ডায়মন্ড হারবারের তৃণমূল কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনাকে ‘দুর্বল চিত্রনাট্য’ বলে তীব্র আক্রমণ জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ডায়মন্ড হারবারের আইসি নিজে রাতে একটি কালো এসইউভি গাড়িতে করে গিয়ে ওই টাকা রেখে এসেছিলেন এবং এর সিসিটিভি ফুটেজ তাঁর কাছে সুরক্ষিত রয়েছে, যা প্রয়োজনে আদালতে জমা দেওয়া হবে। একই সঙ্গে তিনি পুলিশি চাপের অভিযোগ এনে জানান, হেফাজতে থাকা তাঁর আপ্তসহায়ক সুমিত রায়কে জোর জবরদস্তি করে সিজার লিস্টে সই করানো হয়েছে, যা নিয়ে সুমিতের স্ত্রী লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগের সুরে অভিষেক আরও জানান, সংশ্লিষ্ট কার্যালয়ের বিধায়ক শামিম আহমেদকেও মিথ্যা বয়ান দেওয়ার জন্য পুলিশ চাপ সৃষ্টি করেছিল। এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন তিনি এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশে জানিয়েছেন, এটি ডায়মন্ড হারবার কেন্দ্র এবং সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিধায়কদের জোরপূর্বক হলফনামায় সই করানোর প্রক্রিয়াকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে বিরোধী শিবিরের কঠোর শাস্তির দাবি তোলেন তিনি।