শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বাগেশ্বর বাবার বিরুদ্ধে এবার মামলার তোড়জোড়!
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য: বাগেশ্বর বাবার বিরুদ্ধে মানহানির মামলা, গ্রহণ করল আদালত
আগ্রা: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মধ্যপ্রদেশের বাগেশ্বর ধাম সরকারের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (বাগেশ্বর বাবা) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আগ্রার একটি নিম্ন আদালতে এই মামলাটি দায়ের করেছেন অজয় প্রতাপ সিং নামের এক আইনজীবী। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে।
সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুরে এক ধর্মীয় সভায় শ্রীরামের প্রশংসা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বলেছিলেন, “আমাদের রাম সোজা, তোমাদের কৃষ্ণ তো বাঁকা। রামের চলন, কাজ এবং নাম—সবই সহজ। কিন্তু কৃষ্ণের মূর্তির দিকে তাকালে দেখা যায়, তিনি ঘাড় ও কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন।” এখানেই থেমে থাকেননি তিনি। বাঁশিকে গুরুত্বহীন উল্লেখ করে তিনি মন্তব্য করেন, “বাঁশি যে কেউ বাজাতে পারে, বাঁশির কোনো বিশেষ কাজ নেই। রামের ধনুকই আসল।”
শ্রীকৃষ্ণকে নিয়ে তাঁর এই ব্যঙ্গাত্মক ও অবমাননাকর মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে কৃষ্ণভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং কৃষ্ণের উত্তরসূরিদের অপমান করার অভিযোগে তোপের মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে বিতর্কের মুখে পড়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন ধীরেন্দ্র শাস্ত্রী, কিন্তু সেই ক্ষমা প্রার্থনাতেও বিতর্ক থামেনি।
আইনজীবী অজয় প্রতাপ সিংয়ের দায়ের করা এই মানহানির মামলায় অভিযোগ করা হয়েছে যে, ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্য লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধমূলক মানহানির এই মামলায় দোষী সাব্যস্ত হলে বাগেশ্বর বাবার জেল পর্যন্ত হতে পারে। ১৪ ডিসেম্বরের শুনানির দিকে এখন নজর রয়েছে সকলের।