শত্রুর ঘুম কাড়ল ভারতের দেশীয় প্রযুক্তির প্রলয়!
দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদন: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বল্পপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রলয়’ (Pralay)-এর সফল পরীক্ষা চালাল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে ওড়িশা উপকূলে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত সমস্ত লক্ষ্যমাত্রা ও মাপকাঠি সফলভাবে পূরণ করেছে। পরীক্ষার পর সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
প্রলয় ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়, এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০০ কিলোমিটার এবং এটি ঘণ্টায় প্রায় ৭,৫০০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। প্রায় ৭০০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী।
এই সাফল্যের জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় তিনি এই পরীক্ষাকে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারত গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে তুলবে।