ছটপুজোর আগে বড় সিদ্ধান্ত রাজ্যের, রবীন্দ্র সরোবরের বদলে তৈরি ৫০টি বিকল্প জলাশয়!

 

রবীন্দ্র সরোবরে ছটপুজো নয়, দক্ষিণ কলকাতায় ৫০টি বিকল্প ঘাটের ঘোষণা পুরমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: পরিবেশবিদ, আইনজীবী এবং কেএমডিএ (KMDA)-র ইঞ্জিনিয়ারদের আপত্তির মুখে পড়ে রবীন্দ্র সরোবরে ছটপুজো আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এল রাজ্য সরকার। বৃহস্পতিবার পুরমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল বা পরিবেশ আদালতের অনুমতি ছাড়া রবীন্দ্র সরোবরে ছটপুজোর আয়োজন করা সম্ভব নয়। আদালতের নির্দেশ মেনে পুণ্যার্থীদের জন্য দক্ষিণ কলকাতায় ৫০টি বিকল্প ঘাট প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ রক্ষার স্বার্থে ২০১৭ সাল থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো বন্ধ রয়েছে। পরবর্তী সময়ে ২০২০ সালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখান থেকে অনুমতি পাওয়া যায়নি। আদালতের সেই নির্দেশ বহাল থাকার কারণেই সরোবর দুটিতে উৎসব আয়োজন বন্ধ রাখা হয়।

এর আগে বুধবার গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শনের সময় পুরমন্ত্রী রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুমতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এই ঘোষণার পরই পরিবেশবিদ সুভাষ দত্ত, মোহিত রায় এবং সোমেন্দ্রমোহন ঘোষসহ পরিবেশপ্রেমী মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। কেএমডিএ-র কাছে আবেদন জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরোবরগুলিতে যেন কোনোভাবেই ছটপুজোর অনুমতি দেওয়া না হয়।

পরিস্থিতি ও আইনি বাধ্যবাধকতার কথা বিবেচনা করে শেষ পর্যন্ত রাজ্য সরকার সরোবরের বদলে বিকল্প ব্যবস্থার পথেই হাঁটল। পুরমন্ত্রী জানান, পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করা সম্ভব নয়। তাই পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে দক্ষিণ কলকাতার বিভিন্ন জলাশয়ে মোট ৫০টি ঘাট প্রস্তুত করা হচ্ছে। এই বিকল্প ব্যবস্থায় যাতে ছটপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *