শীতের বাগানে গাছ লাগাচ্ছেন? এই ৫ ভুল করবেন না!
শীতের বাগানে চারা গাছ কেনার সময় যে ৫টি ভুল এড়িয়ে চলবেন
নিজস্ব প্রতিবেদক: শীতকাল মানেই বাগান সাজানোর উপযুক্ত সময়। শখের বাগানকে সুন্দর করে তুলতে অনেকেই নার্সারি থেকে চারা গাছ কিনে থাকেন। তবে ভুল চারা নির্বাচন করলে অনেক সময় গাছ বাঁচানো কঠিন হয়ে পড়ে। শীতের মরশুমে সুস্থ-সবল চারা গাছ নির্বাচনের ক্ষেত্রে পাঁচটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
১. পাতার সতেজতা: চারা গাছ কেনার সময় প্রথমেই এর পাতার দিকে নজর দিন। গাছের পাতা ও ডালপালা সতেজ কি না তা ভালোভাবে পরখ করে নিন। গাছ যদি নেতিয়ে পড়া বা ঝুলে যাওয়া অবস্থায় থাকে, তবে সেই চারা কেনা থেকে বিরত থাকাই ভালো।
২. গোড়া ও শিকড় পরীক্ষা: গাছের স্বাস্থ্য বোঝার অন্যতম উপায় হলো তার গোড়া পর্যবেক্ষণ করা। গাছের গোড়ার মাটি যদি শক্তভাবে লেগে থাকে এবং শিকড় মাটিকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখে, তবেই সেই চারা সুস্থ হিসেবে গণ্য করা যায়।
৩. গাছের বয়স নির্ধারণ: অনেক সময় নতুন লাগানো চারাকে পুরনো চারা হিসেবে বিক্রি করা হতে পারে। এটি বোঝার জন্য গাছের ডাল ধরে আলতো করে নাড়িয়ে দেখুন। যদি গোড়ার মাটি শক্ত ও আঁটসাঁট থাকে, তবে বুঝতে হবে গাছটি টবে অনেক দিন ধরে রয়েছে। আর যদি মাটি সহজে আলগা হয়ে যায়, তবে সেটি সাম্প্রতিক সময়ে লাগানো হয়েছে বলে ধরে নেওয়া যায়।
৪. উচ্চতা ও রোপণ পদ্ধতি: চারা কেনার সময় উচ্চতা যাচাই করা জরুরি। সাধারণত দুই থেকে তিন ফুট উচ্চতার চারা টবে বা মাটিতে দ্রুত মানিয়ে নিতে পারে। চারা কেনার সময় বিক্রেতার কাছ থেকে গাছটির সঠিক বয়স এবং তা কোন ধরনের মাটিতে রোপণ করা উচিত, সে বিষয়ে বিস্তারিত জেনে নিন।
৫. ফুলের লোভে ভুল নয়: নার্সারিতে ফুল ভরা গাছ দেখলে অনেকেরই কেনার ইচ্ছা জাগে। কিন্তু বাড়িতে আনার পর অনেক ক্ষেত্রে গাছ থেকে ফুল ঝরে যায়। তাই শুধু ফুল দেখে গাছ না কিনে পাতার সতেজতা, ডালপালা এবং গোড়ার অবস্থা পরীক্ষা করে নেওয়া বেশি গুরুত্বপূর্ণ।
এই সাধারণ সতর্কতাগুলো মেনে চারা গাছ নির্বাচন করলে শীতের বাগানে গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠবে এবং দীর্ঘসময় সতেজ থাকবে।