বামা কালীর পুজোয় নজিরবিহীন উদ্যোগ প্রশাসনের!

 

শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জনে বিশেষ নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থার উদ্যোগ প্রশাসনের

শান্তিপুর: নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জন ও মায়ের নৃত্য দেখার জন্য প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। বিপুল জনসমাগম ও মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের সুবিধার্থে এবং ভিড় সামলাতে এবছর মায়ের নৃত্যের স্থান পরিবর্তন করে একটি বিশাল ফাঁকা মাঠে স্থানান্তরিত করা হয়েছে।

শুক্রবার নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, মহকুমা শাসক এবং রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা শান্তিপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন ঘাট, বামা কালীর মন্দির প্রাঙ্গণ ও নির্ধারিত নৃত্যের মাঠ পরিদর্শন করেন। আধিকারিকরা মন্দিরে গিয়ে মায়ের দর্শনও করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, বামা কালীর নৃত্যস্থলটি বাঁশের ব্যারিকেড দিয়ে সুনিপুণভাবে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তার খাতিরে এলাকায় বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। এছাড়া, দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং নৃত্যের দৃশ্য সহজে দেখার জন্য মাঠের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাঠ থেকে শুরু করে নিরঞ্জন ঘাট পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা ও ভিড় নিয়ন্ত্রণের পরিকল্পনা খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সব মিলিয়ে, ঐতিহ্য ও উৎসবের আমেজ অক্ষুণ্ণ রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন উপস্থিতি নিশ্চিত করতে শান্তিপুর জুড়ে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *