কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বাগেশ্বর বাবার বিরুদ্ধে মানহানির মামলা!
ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বাগেশ্বর বাবার বিরুদ্ধে মানহানির মামলা
আগ্রা: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর ও ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (বাগেশ্বর বাবা) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। আগ্রার নিম্ন আদালতে এই মামলাটি করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। আদালত মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে।
অভিযোগ, কিছুদিন আগে মধ্যপ্রদেশের শিবপুরে এক রামকথা অনুষ্ঠানে শ্রীরামের প্রশংসা করতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী শ্রীকৃষ্ণকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের রাম সোজা, তোমাদের কৃষ্ণ তো বাঁকা। আমাদের রামের চলন সোজা, কাজ করেন সোজা। কৃষ্ণের মূর্তি দেখো, ঘাড়-কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন।” পাশাপাশি, তিনি শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোকে গুরুত্বহীন এবং রামের ধনুককে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেন।
ধীরেন্দ্র শাস্ত্রীর এই মন্তব্যের পরই দেশজুড়ে বিতর্ক দানা বাঁধে। কৃষ্ণভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং কৃষ্ণের উত্তরসূরিদের অপমান করা হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকে। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে ধীরেন্দ্র শাস্ত্রী পরবর্তীতে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।
তবে সেই ক্ষমা প্রার্থনার পরেও আইনি জটিলতা কাটেনি। মামলাকারী আইনজীবী অজয় প্রতাপ সিং-এর দাবি, বাগেশ্বর বাবার এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আইনি বিশেষজ্ঞদের মতে, অপরাধমূলক মানহানির এই মামলায় দোষী সাব্যস্ত হলে ধীরেন্দ্র শাস্ত্রীর জেল হওয়ার সম্ভাবনাও রয়েছে। ১৪ ডিসেম্বরের শুনানিতে আদালতের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই এখন নজর রয়েছে সকলের।