ডিম-মুসুরের এমন স্বাদে জমে উঠুক ভাইফোঁটা!
ডিম-মুসুর ডালের অভিনব ধোঁকার ডালনা: সহজ রেসিপি
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে সাধারণ উপকরণ হিসেবে ডিম ও মুসুর ডাল থাকলে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ‘আমিষ ধোঁকার ডালনা’। ভাতের সঙ্গে খাওয়ার মতো এই পদটি বানানো যেমন সহজ, তেমনই মুখরোচক। নিচে এর তৈরির পদ্ধতি বিস্তারিত দেওয়া হলো।
প্রয়োজনীয় উপকরণ:
ভিজিয়ে রাখা মুসুর ডাল (১ বাটি), ডিম (২টি), পেঁয়াজ-আদা-রসুন ও কাঁচালঙ্কা কুচি (২ টেবিল চামচ), আলু (১টি), জিরে (১ চা চামচ), তেজপাতা (১টি), কাঁচালঙ্কা (৪টি), পেঁয়াজ (১টি), টমেটো (১টি), রসুন (৫-৬ কোয়া), আদা কুচি (১ টেবিল চামচ), টক দই (৩ টেবিল চামচ), হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো (প্রতিটি ১ চা চামচ), গরম মশলা গুঁড়ো (১ চা চামচ) এবং ঘি (১ টেবিল চামচ)।
প্রস্তুত প্রণালী:
প্রথমেই ভিজিয়ে রাখা মুসুর ডাল মিহি করে বেটে নিন। এরপর বাটা ডালের সঙ্গে ডিম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি ও পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি স্টিলের পাত্রে সামান্য তেল মাখিয়ে তাতে মিশ্রণটি ঢালুন। কড়াইতে জল গরম করে পাত্রটি ২০ মিনিটের জন্য ভাপে বসিয়ে দিন। ১৫-২০ মিনিট পর মিশ্রণটি জমে এলে নামিয়ে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন। এগুলোই হলো ডিম-ডালের ধোঁকা।
এরপর কড়াইতে তেল গরম করে ধোঁকাগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ওই একই তেলে জিরে, তেজপাতা ও কাঁচালঙ্কা ফোরন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো ও কাঁচালঙ্কা বাটা যোগ করুন। মশলা কষানো হলে এতে হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো এবং টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।
মশলা কষানো শেষে পরিমাণমতো জল, লবণ ও সামান্য চিনি দিয়ে ঝোল ফুটতে দিন। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোঁকাগুলো ঝোলে ছেড়ে দিন। নামানোর আগে ঘি ও গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম আমিষ ধোঁকার ডালনা।